ইরানে ‘মাদার অব অল বম্বস’ নিক্ষেপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানে ‘মাদার অব অল বম্বস’ নিক্ষেপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
মার্কিন অস্ত্রাগারের ‘মাদার অব অল বম্বস’

ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে আবারও বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুনরায় যুদ্ধ শুরু হলে ইরানের বিরুদ্ধে মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহার করা হতে পারে। সামরিক পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত অঞ্চল ও জ্বালানি অবকাঠামোসহ একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে কিংবা পরেও এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে।

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর একটি ভূগর্ভস্থ স্থাপনার দিকেই বিশেষ নজর রাখছে মার্কিন পরিকল্পনাকারীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, পাহাড়টির নীচে ইরান পারমাণবিক অস্ত্রের নানা উপাদান ও সরঞ্জাম সুসংরক্ষিত রেখেছে। ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানকে যেকোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই এ অভিযানের মূল লক্ষ্য।

তবে মাটির অনেক গভীরে তৈরি এসব শক্তিশালী স্থাপনা ধ্বংস করতে এ বোমা কতটা কার্যকর হবে তা নিয়ে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মধ্যেই সংশয় রয়েছে। গ্রানাইট শিলা ও কংক্রিটের পুরু স্তরে সুরক্ষিত সুড়ঙ্গ বা স্থাপনা ভাঙতে এ বোমা হিমশিম খাবে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে অবগত এক সূত্র সিএনএন-কে জানান, এমওএবি হলো এমন একটি অস্ত্র যা বিশাল এলাকা শত্রুমুক্ত করার জন্য দুর্দান্ত, কিন্তু এর বাইরে তেমন কার্যকর নয়।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে না পারলেও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য এ বোমার নাম সামনে এনেছে মার্কিন প্রশাসন। কারণ ঘনবসতিপূর্ণ বা জ্বালানি অবকাঠামোর কাছে এ বোমা নিক্ষেপ করলে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটবে। পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের প্রাণহানির চরম ঝুঁকি থেকে যাবে।

একটি মার্কিন সূত্রের মতে, অতিরিক্ত হামলা চালিয়ে তেহরানকে শেষ পর্যন্ত ওয়াশিংটনের শর্ত মানতে বাধ্য করা যাবে কি না, তা এখনও অনিশ্চিত। তা সত্ত্বেও ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেওয়ার জন্য অভ্যন্তরীণ চাপ বাড়ছে। আর গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করার উপযুক্ত অন্য সমরাস্ত্রের সীমাবদ্ধতা থাকায়, আপাতত এই ‘মাদার অব অল বম্বস’-কেই মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহারের কথা ভাবছে ওয়াশিংটন।ৱ

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/