শিরোনাম

ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, একটিকে বেছে নিতে হবে: মার্কিন জেনারেল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, একটিকে বেছে নিতে হবে: মার্কিন জেনারেল
মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ

জরুরি ভিত্তিতে যুদ্ধজাহাজ না পেলে মিত্রদেশ ইসরায়েলকে সুরক্ষা দেওয়া বা নিজেদের জন্মভূমি রক্ষা করার যেকোনো একটিকে বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে। পেন্টাগনকে পাঠানো এক চিঠিতে সরাসরি এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শুক্রবার (৩১ জুলাই) এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক সমন্বয়ের মূল কাজ করে মার্কিন ইউরোপীয় কমান্ড। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই ধ্বংস করতে সক্রিয় ভূমিকা রাখছে মার্কিন যুদ্ধজাহাজগুলো। স্পেনের রোটায় যুক্তরাষ্ট্রের পাঁচটি ডেস্ট্রয়ার থাকলেও সাগরে মোতায়েন রাখা সম্ভব হয়েছে মাত্র দুটি।

তবে ইউরোপীয় কমান্ডের দায়িত্ব কেবল ইসরায়েলকে ঘিরে নয়। ন্যাটোর ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকানো এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্য করে রাখা রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি সামলানোও তাদের অন্যতম অগ্রাধিকার। একদিকে রুশ হুমকি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মাঝে পর্যাপ্ত যুদ্ধজাহাজ না থাকায় এখন দুটি ফ্রন্ট একসঙ্গে সামলানো পেন্টাগনের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

জেনারেল গ্রিনকেভিচের এই উদ্বেগের বিষয়ে পেন্টাগনের মতামত জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে ইউরোপীয় কমান্ড কিংবা ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইয়াহু নিউজ

/এমএকে/