শিরোনাম

মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা মার্কিন বাহিনীর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা মার্কিন বাহিনীর
মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ থেকে বিমান উড্ডয়ন করছে

মধ্যপ্রাচ্যের আকাশে, জলসীমায় এবং পানির তলদেশে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ‘টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক’ নামে মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো একটি সমন্বিত বহুজাতিক আক্রমণকারী ড্রোন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, নতুন এ বিশেষ টাস্কফোর্সটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সামরিক সদস্যরা যৌথভাবে পরিচালনা করবেন। এতে সমুদ্রের উপরিভাগে, গভীর পানিতে এবং আকাশে একযোগে আঘাত হানতে সক্ষম চালকবিহীন আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম বিশেষায়িত ড্রোন স্কোয়াড্রন ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ চালুর মাত্র ৯ মাসের মাথায় নতুন এ তথ্য সামনে এল। এ বিষয়ে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, আঞ্চলিক মিত্রদের দারুণ সব প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে ‘স্করপিয়ন স্ট্রাইক’-এর সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ফ্যালকন স্ট্রাইক। নতুন প্রযুক্তি ও সামরিক সক্ষমতাগুলোকে যখন একসঙ্গে যুক্ত করে মাঠে নামানো হবে, তখন দ্রুত সময়ের মধ্যে নতুন সব সম্ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

সেন্টকম আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আক্রমণাত্মক ড্রোন সক্ষমতা বহুগুণ বাড়াতে তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছে। অ্যাডমিরাল কুপার বলেন, এ অঞ্চলে মার্কিন বাহিনীর অনেক শক্তিশালী অংশীদার ও বন্ধু দেশ রয়েছে। সবাই যখন নিজেদের সক্ষমতা এক সুতোয় গাঁথবে, তখন যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি সহজ ও শক্তিশালী হবে।

জানা গেছে, এর আগে স্করপিয়ন স্ট্রাইক পরিচালনার দায়িত্বে থাকা ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল (SOCCENT)-এর অভিজ্ঞ কর্মীরাই ফ্যালকন স্ট্রাইকে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/