শিরোনাম

অ্যাঙ্গোলায় অবৈধ স্বর্ণের খনি ধসে নিহত ২৮

সিটিজেন ডেস্ক
অ্যাঙ্গোলায় অবৈধ স্বর্ণের খনি ধসে নিহত ২৮
অ্যাঙ্গোলার বেঙ্গো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনি ধসের ঘটনা ঘটে। ছবি: তাসনিম নিউজ এজেন্সি

অ্যাঙ্গোলার বেঙ্গো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে একই পরিবারের ১৩ জন সদস্যসহ অন্তত ২৮ জন শ্রমিক নিহত হয়েছেন। রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার (২৩ মে) এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের সবার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। অত্যন্ত হৃদয়বিদারক বিষয় হলো, নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন।

রবিবার (২৪ মে) দেওয়া এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও সাংবাদিকদের জানান, খনি দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে পুলিশ ও উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনো অন্তত দুজন শ্রমিক মাটির নিচে আটকা পড়ে আছেন এবং তাদের জীবিত উদ্ধার করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বেঙ্গো সেন্ট্রাল হাসপাতালের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ফ্রান্সিসকো রদ্রিগেজ জানিয়েছেন, খনি থেকে উদ্ধার হওয়া আহতদের মধ্যে অন্তত ৩ জনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশে প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রায়শই এমন অবৈধ খনি পরিচালনার খবর পাওয়া যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে এ খনিগুলো একেকটি মৃত্যুফাঁদে পরিণত হয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/