শিরোনাম

ইবোলায় সন্দেহভাজন মৃতের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে: ডব্লিউএইচও

সিটিজেন ডেস্ক
ইবোলায় সন্দেহভাজন মৃতের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে: ডব্লিউএইচও
ইবোলা ভাইরাসে সন্দেহভাজন মৃতের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। ছবি: এনডিটিভি

কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃতের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। এটি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগ শনাক্তকরণে বিলম্বের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি সতর্ক করেছেন, বর্তমান মহামারিটি তাদের মোকাবিলা করার সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাব ইতোমধ্যে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। রবিবার (২৪ মে) এক সামাজিক মাধ্যমের পোস্টে ডব্লিউএইচও প্রধান জানান, কঙ্গোতে নজরদারি বাড়ানোর পর এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার (২৫ মে) নিশ্চিত করেছে, রাজধানী কাম্পালার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের দুই কর্মী নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা সাতজনে দাঁড়াল।

সম্প্রতি বিরল ‘বান্ডিবুগিও’ ধরনের এ ইবোলা প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ডব্লিউএইচও। এরপর থেকেই কঙ্গো ও উগান্ডার বিভিন্ন শহরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত ইবোলা একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের প্রত্যক্ষ সংস্পর্শে ছড়ায়। প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, পেশি ও মাথাব্যথা, ক্লান্তি এবং গলাব্যথা দেখা দেয়; যা পরবর্তীতে তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হওয়ার মতো মারাত্মক রূপ নিতে পারে। এখন পর্যন্ত এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়নি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/