শিরোনাম

হিট স্ট্রোক কমাতে যেসব খাবার খাবেন

সিটিজেন ডেস্ক
হিট স্ট্রোক কমাতে যেসব খাবার খাবেন
ছবি: সংগৃহীত

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে গরম। সেইসঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের ভয়। অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে জীবিকার তাগিদে অনেকের বের হওয়া লাগে। এজন্য খাদ্যাভ্যস পরিবর্তনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। আপনি কী খাচ্ছেন, তার ওপর নির্ভর করে আপনার শরীর কতটা সুস্থ থাকবে বা প্রয়োজনের সময় কীভাবে প্রতিক্রিয়া দেখাবে। তাই হিট স্ট্রোক প্রতিরোধ করতে জলীয় উপাদানযুক্ত খাবার এবং ইলেক্ট্রোলাইট-পূরণকারী পানীয় গ্রহণের ওপর মনোযোগ দিন।

চলুন জেনে নেওয়া যাক হিট স্ট্রোক কমাতে যেসব খাবার খাওয়া জরুরি-

জলীয় উপাদানযুক্ত ফল ও সবজি

তরমুজ: তরমুজে পানি রয়েছে ৯০ থেকে ৯২ শতাংশ। গরমে শরীরকে ঠান্ডা রাখতে ভিটামিন এ এবং সিতে ভরপুর এই ফল।

শসা: এতে শতকরা ৯৫ থেকে ৯৬ শতাংশ পানি রয়েছে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং উচ্চ ফাইবারের জন্য পরিচিত।

লেবু জাতীয় ফল: কমলা এবং লেবু ভিটামিন সি পূরণ করতে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

শাক-সবজি: বিভিন্ন শাক-সবজিতে প্রচুর পানি এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে।

বেরি জাতীয় ফল: স্ট্রবেরি এবং ব্লুবেরি শরীরে পানির ঘাটতি পূরণ করে এবং প্রদাহ কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।

ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণকারী উপাদান

ডাবের পানি: পটাশিয়াম এবং ইলেকট্রোলাইটের একটি আদর্শ প্রাকৃতিক উৎস।

ঘোল, দই: প্রোবায়োটিক সমৃদ্ধ দুগ্ধজাত খাবার অন্ত্রকে ঠান্ডা রাখে এবং খনিজ সরবরাহ করে।

লেবুর শরবত: পানি, লবণ এবং চিনির মিশ্রণ ঘামের মাধ্যমে হারানো ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে।

পুদিনা পাতা: শরীরে সতেজ ও শীতল অনুভূতি দেয়।

যেসব খাবার এড়িয়ে চলবেন

ডুবো তেলে ভাজা, মসলাদার এবং তৈলাক্ত খাবার শরীরের তাপ বাড়ায়। উচ্চ-প্রোটিনযুক্ত, ভারী খাবার হিট স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে। এজন্য গরমে এসব খাবার এড়িয়ে চলবেন।

কিছু পরামর্শ

  • একবারে বেশি পরিমাণে পানি পান করবেন না। এর পরিবর্তে অল্প পরিমান তবে ঘন ঘন পান করুন।
  • আপনার খাদ্যতালিকায় কাঁচা খাবার এবং হালকা খাবার যোগ করুন।
  • হজমে সাহায্য করতে এবং শরীর ঠান্ডা রাখতে ঘোল বা লাচ্ছিতে জিরার মতো মসলা ব্যবহার করুন।
/জেএইচ/