শিরোনাম

রুনা লায়লাকে নিয়ে আবারও গুজব, মেয়ে তানির ক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
রুনা লায়লাকে নিয়ে আবারও গুজব, মেয়ে তানির ক্ষোভ
তানি লায়লা ও রুনা লায়লা। ছবি: সিজেডএন গ্রাফিক্স

চলতি বছরের মে মাসে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা মারা গেছেন। তবে সেটা গুজব বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি আবারও তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা।

সামাজিকমাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব একটা একটা করে। যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’

তিনি বলেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনো তাকে এভাবেই অসম্মান করে চলেছে- কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য।’

রুনা লায়লা সুস্থ আছেন বলে ভক্ত-অনুরাগীদের নিশ্চিত করেছেন মেয়ে তানি। তিনি বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

ক্ষোভ প্রকাশ করে তানি লায়লা বলেন, আর সহ্য করা যাচ্ছে না। যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। ধন্যবাদ, আমার ক্ষোভ প্রকাশ এখানেই শেষ।’

/জেএইচ/