শিরোনাম

ঈদে আসছে বালামের ‘মাওলা’

বিনোদন ডেস্ক
ঈদে আসছে বালামের ‘মাওলা’
মাওলা গানের এক দৃশ্যে বালাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের একক গান ও মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে শ্রোতা-দর্শকদের বড় এক চমক দিতে যাচ্ছেন তিনি।


রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশের মাধ্যমে এ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মূল গান এবং এর অফিশিয়াল মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ এমন আকুতিভরা আধ্যাত্মিক কথার গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। নেপালের কালিনচকে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।

টিজারে বালামকে একেবারে নতুন ও চমকপ্রদ এক লুকে দেখা গেছে। কাঁধ অব্দি ঝুলে থাকা লম্বা ড্রেডলক চুল, মাথায় জড়ানো ব্যান্ডানা এবং যাযাবর বা সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাকে হাজির হয়েছেন তিনি। হাতে গিটার নিয়ে কিংবা পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের পানে তাকিয়ে গান গাওয়ার ভঙ্গি মিউজিক ভিডিওটিতে এক ভিন্ন রকম আধ্যাত্মিক আবহ তৈরি করেছে।

নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় এ মিউজিক্যাল ফিল্মের সবচেয়ে বড় চমক বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। গানের মূল নারী চরিত্রে বালামের বিপরীতে প্রথমবারের মতো অনস্ক্রিন পর্দায় দেখা যাবে তাকে। সব মিলিয়ে বালামের এ ভিন্নধর্মী আয়োজনটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতা-দর্শকদের মাঝে বেশ আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

/এমএকে/

বিষয়:

বালামগান