শিরোনাম

বলিউডে নিষিদ্ধ হলেন রণবীর সিং

বিনোদন ডেস্ক
 বলিউডে নিষিদ্ধ হলেন রণবীর সিং
অভিনেতা রণবীর সিং। ছবি: এনডিটিভি

‘ডন ৩’ চলচ্চিত্র থেকে আকস্মিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। নির্মাতা ফারহান আখতারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (২৫ মে) সংগঠনটি অভিনেতার বিরুদ্ধে এই ‘অসহযোগিতার নির্দেশ’ জারি করে। এর ফলে ফেডারেশনের কোনো সদস্য এখন থেকে রণবীরের সঙ্গে কাজ করতে পারবেন না।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার বিবরণ দেন এফডব্লিউআইসিইর প্রধান উপদেষ্টা এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। তিনি জানান, গত ১১ এপ্রিল প্রযোজক ও পরিচালক ফারহান আখতার রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, সিনেমার শুটিং শুরু হওয়ার মাত্র ৩ সপ্তাহ আগে কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রজেক্টটি ছেড়ে দেন রণবীর। এর ফলে পুরো আয়োজনটি স্থবির হয়ে পড়ে এবং প্রযোজনা সংস্থা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনে শুনানির আয়োজন করে ফেডারেশন। সেখানে প্রযোজক রিতেশ সিধওয়ানি সশরীরে এবং ফারহান আখতার লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা ধরে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করেন। অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনের জন্য রণবীর সিংকে প্রতি ১০ থেকে ১৫ দিন পর পর মোট তিনবার নোটিশ পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ফেডারেশন সংবাদ সম্মেলনের ডাক দিলে রণবীরের পক্ষ থেকে একটি ইমেইল পাঠানো হয়, যেখানে উল্টো এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ফেডারেশনের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়।

অভিনেতার এমন আচরণকে চরম অপেশাদার আখ্যা দিয়ে এফডব্লিউআইসিই-এর সভাপতি বি. এন. তিওয়ারি জানান, এটি কেবল একজন অভিনেতা ও প্রযোজকের ব্যক্তিগত বিরোধ নয়, বরং এর সঙ্গে হাজার হাজার দৈনিক মজুরির চলচ্চিত্রকর্মীর জীবিকা জড়িত। হুট করে কাজ বন্ধ হয়ে যাওয়ায় জুনিয়র আর্টিস্ট ও টেকনিশিয়ানরা মারাত্মক সংকটে পড়েছেন। ইন্ডাস্ট্রির নিয়মকানুন সবার জন্য সমান উল্লেখ করে তিনি জানান, চলচ্চিত্র অঙ্গনে জবাবদিহিতা নিশ্চিত করতেই এ শক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধের আনুষ্ঠানিক মীমাংসা না হওয়া পর্যন্ত বলিউডের সব সহযোগী সংগঠন ও প্রযোজক সংস্থাকে এ অসহযোগিতার নির্দেশকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে ফেডারেশন।

সূত্র: এনডিটিভি

/এমএকে/