শিরোনাম

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ব্যান্ড ‘লিডিয়ান’-এর নতুন গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আইয়ুব বাচ্চুর জন্মদিনে ব্যান্ড ‘লিডিয়ান’-এর নতুন গান
লিডিয়ান ব্যান্ডের সদস্যরা

বাংলা রক সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আইয়ুব বাচ্চু। রুপালি গিটার হাতে কয়েক দশক ধরে যিনি মাতিয়ে রেখেছিলেন কোটি ভক্তের হৃদয়। তার অভাব আজও তাড়িয়ে বেড়ায় দেশের সংগীতাঙ্গনকে। এই কিংবদন্তির জন্মদিনে তাকে ভিন্ন মাত্রায় স্মরণ করল তরুণদের ব্যান্ড ‘লিডিয়ান’। প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডটি ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামে একটি বিশেষ মৌলিক গান প্রকাশ করেছে।

আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে প্রেরণা মেনে সংগীতে পা রেখেছিলেন এ প্রজন্মের শিল্পী রাজেশ মজুমদার। গত এক দশক ধরে তার নেতৃত্বাধীন ব্যান্ড ‘লিডিয়ান’ সেই রক ভাবধারাকেই বহন করে চলেছে। প্রয়াত এ রকস্টারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত গানটিতে ফুটে উঠেছে তার অমর সৃষ্টির ছোঁয়া।

গানটির কথা লিখেছেন ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। আইয়ুব বাচ্চুর বেশ কয়েকটি জনপ্রিয় গানের শিরোনাম ও চেনা কথামালা এক সুতোয় গেঁথেই গানটির কথা সাজানো হয়েছে। এর সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন রাজেশ মজুমদার নিজেই। ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদারের সঙ্গে আছেন সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কী-বোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামার তাপস মজুমদার।

গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার জানান, আইয়ুব বাচ্চুর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই এ প্রয়াস। তিনি বলেন, মৃত্যুর কিছুদিন আগে বাচ্চু ভাই তার একটি মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা বলেছিলেন। সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা এখন দেশের সব সংগীতশিল্পীর যৌথ দায়িত্ব।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গানটি ‘লিডিয়ান’ ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে। ভিন্ন আঙ্গিকে তৈরি এ সৃষ্টিটি ভক্ত ও শ্রোতাদের মনে নতুন করে আইয়ুব বাচ্চুর স্মৃতি জাগিয়ে তুলবে বলে আশা করছেন ব্যান্ডের সদস্যরা।

/এমএকে/