আইয়ুব বাচ্চুর জন্মদিনে ‘উত্তরাধিকার’, থাকছে ২০ গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আইয়ুব বাচ্চুর জন্মদিনে ‘উত্তরাধিকার’, থাকছে ২০ গান
আইয়ুব বাচ্চু (১৬ আগস্ট, ১৯৬২ - ১৮ অক্টোবর, ২০১৮)

‘রুপালি গিটার’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘মাধবী’, ‘সেই তুমি’– আইয়ুব বাচ্চুর গাওয়া এমন ২০টি গান এবার শোনা যাবে নতুন সংগীতায়োজনে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী গাওয়া এসব গান অ্যালবাম আকারে প্রকাশিত হবে।

রবিবার (১৬ আগস্ট) আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে ‘উত্তরাধিকার’ নামের এ অ্যালবাম। এ প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে। এদিন বেলা ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার।

‘উত্তরাধিকার’ অ্যালবামে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান গেয়েছেন দেশের পরিচিত ব্যান্ড ও একক শিল্পীরা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে– দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে আছেন– বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। এসব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

অ্যালবামে ‘রুপালি গিটার’ গেয়েছে দলছুট, ‘নীল বেদনা’ আরবোভাইরাস, ‘গতকাল রাতে’ সোনার বাংলা সার্কাস, ‘চলো বদলে যাই ’শুভযাত্রা, ‘চাঁদ মামা’ ক্যালিপসো,‘অচেনা জীবন’ রকসল্ট, ‘মাধবী’ ডোপামিন এবং ‘মন চাইলে মন’ গেয়েছে এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে ‘হাসতে দেখো’ গেয়েছেন বাবনা করিম ও রাসেল আলী, ‘এখন অনেক রাত’ রোমেল আলী, ‘মেয়ে’ চন্দন জামান আলী-মেনন, ‘কষ্ট পেতে ভালোবাসি’ কানিজ সুবর্ণা ও সাজ্জাদ, ‘আপন কেহ নাই’ পলাশ, ‘কষ্ট কাকে বলে’ জয় শাহরিয়ার, ‘ঘুমন্ত শহরে’ অদিত, ‘রাতের তারা’ বখতিয়ার হোসেন, ‘ফেরারি এই মন’ আতিকা ইয়ামিন, ‘হকার’ অটামনাল মুন, ‘নীরবে’ কনক আচার্য্য এবং ‘বাংলাদেশ’ গেয়েছেন তওফিক-এবি-মেনন।

আইয়ুব বাচ্চুর সংগ্রহ করা বিশ্বের বিভিন্ন দেশের নামি ব্র্যান্ডের গিটার
আইয়ুব বাচ্চুর সংগ্রহ করা বিশ্বের বিভিন্ন দেশের নামি ব্র্যান্ডের গিটার

আইয়ুব বাচ্চু মিউজিয়াম

আইয়ুব বাচ্চুর সংগ্রহে ছিল বিশ্বের বিভিন্ন দেশের নামি ব্র্যান্ডের গিটার। তার স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ প্রায় ৫০টি গিটার নিয়ে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে তার পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত আছে গিটারগুলো। প্রায় ৮ বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্টসহ নানা স্মারক সযত্নে আগলে রেখেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার।

আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার
আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার

২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ার পরও তার গান, গিটারবাদন ও সৃষ্টির মধ্য দিয়ে ভক্তদের কাছে তিনি আজও প্রাসঙ্গিক। মৃত্যুর আগে নিজের কিছু স্বপ্নের কথাও জানিয়েছিলেন এই শিল্পী। তার সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় ২০২০ সালে।

এবার সেই স্বপ্ন পূরণের পথেই নেওয়া হয়েছে ‘উত্তরাধিকার’ প্রকল্প। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, কিছুদিন আগে ফেরদৌস আক্তার তাকে ফোন করে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপর তার গাওয়া কয়েকটি গান নতুন সংগীতায়োজনে করার প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে তৈরি হয় ‘উত্তরাধিকার’।

রবিবার (১৫ আগস্ট) বেলা ৩টায় ‘উত্তরাধিকার’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রকল্পটির বিস্তারিত তুলে ধরবেন ফেরদৌস আক্তার।

/এফসি/