শিরোনাম

কোদাল হাতে কৃষিকাজ করে প্রশংসায় ভাসছেন জয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কোদাল হাতে কৃষিকাজ করে প্রশংসায় ভাসছেন জয়া
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সকে ছাপিয়ে নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রেখে প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, ফিট থাকার জন্য তিনি চাষ করেন। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করেন। তারই প্রমাণ মিললো এবার।

সম্প্রতি সামাজিকমাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়- মেকআপহীন সাদামাটা পোশাকে খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত এই তারকা। দীর্ঘক্ষণ ধরে নিজের হাতে কোদাল চালাচ্ছেন। বাগানের মাটি প্রস্তুত করতে একজন সহায়তাকারীর সঙ্গে মিলে গোবর সার মেশাতে দেখা যায় তাকে। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই তিনি নিজের বাগানের বিভিন্ন গাছের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন। জানান, তার বাগানে রয়েছে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ।

রুপালী জগতের গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন মাটির কাছাকাছি দেখে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। কেউ তাকে বলছেন ‘মাটির মানুষ’, আবার কেউ বলছেন ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সুন্দর’।

আরেকজন অনুরাগী লেখেন, ‘প্রকৃতির সাথে থাকলেই এমন ফিটনেস থাকা যায়। এটাই তার হয়তো প্রমাণ।’ অপর একজন লেখেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছিল। ছবিটিতে জয়া আহসানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়। এরই ধারাবাহিকতায় ৩ বছর পর নির্মিত হয় এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই ভারতের পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমার প্রচারণায় নিজের কৃষিকাজের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি।

/জেএইচ/