নতুন গান নিয়ে এলেন আপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন গান নিয়ে এলেন আপন
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নিজস্ব গায়কী ও ভিন্নধর্মী সংগীতচর্চার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী আপন আহসান। গানের কথা লেখা থেকে শুরু করে সুরারোপ, সবকিছুতেই রয়েছে তার নিজস্ব সৃজনশীলতার ছাপ। এর আগে প্রকাশিত তার বেশ কয়েকটি গানও শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ভালো থেকো’।

গানটির কথা ও সুর করেছেন আপন আহসান নিজেই। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন মীর মাসুম। গানের আবহ ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও। যা পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে কাজী কানিজ ও দীপ্তি দেকে।

প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আপন আহসান। নতুন গান প্রকাশের অনুভূতি এবং শ্রোতাদের ভালোবাসা নিয়ে নিজের আবেগও প্রকাশ করেছেন এই শিল্পী।

আপন আহসান বলেন, একজন সংগীতশিল্পীর কাছে নতুন গান প্রকাশের বিষয়টি কেবল একটি কাজের সমাপ্তি নয়। এর সঙ্গে মিশে থাকে অনেক আবেগ, ভালোবাসা ও স্বপ্ন। গান প্রকাশের পর কেউ যখন নিজের আগ্রহ ও ভালো লাগা থেকে সেটি অন্যদের সঙ্গে ভাগ করে নেন, তখন তাদের সঙ্গে এক গভীর আত্মিক সম্পর্ক অনুভব করেন তিনি।

শিল্পীদের প্রত্যাশা খুব বেশি নয় উল্লেখ করে তিনি বলেন, শ্রোতাদের সামান্য ভালোবাসা, উৎসাহ এবং সৃষ্টিশীল কাজের প্রতি আন্তরিক সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। যারা ‘ভালো থেকো’ গানটি শুনেছেন, ভালোবেসে শেয়ার করেছেন, পাশে থেকেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

কণ্ঠশিল্পী হিসেবে এখন পর্যন্ত আপন আহসানের পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০১২ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় ৬ গানের অ্যালবাম ‘ভাবো আরেকবার’। ২০১৫ সালে আট গানের ‘আজানের সুর’ এবং ২০১৬ সালে নয় গানের ‘ক্ষমা করে দাও’ অ্যালবাম দুটি প্রকাশিত হয় ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ২০১৬ সালের ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘ঈদ মোবারক’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগায়। এ ছাড়া পুরোনো সিনেমার গান, বৈশাখী ও ইসলামি ধাঁচের বেশ কয়েকটি গানও শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

/এসবি/