শিরোনাম

উদয়পুরে রাশমিকা-বিজয়ের বিয়ে, এক রাতের জন্য কত টাকা গুনতে হবে তাদের

উদয়পুরে রাশমিকা-বিজয়ের বিয়ে, এক রাতের জন্য কত টাকা গুনতে হবে তাদের
ছবি: সংগৃহীত

দক্ষিণি চলচ্চিত্রের আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বহুল আলোচিত বিয়ে বসছে রাজস্থানের উদয়পুরে। আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোসে।

আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, সবুজ প্রাঙ্গণ ও নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। উদয়পুর শহরকেন্দ্র থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরের এই ভেন্যুতে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ১০০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজস্থানের উদয়পুর ‘লেক সিটি’ নামেও পরিচিত। একসময় এটি মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড়ঘেরা এই শহরের রূপকথার মতো আবহেই সাজছে তারকাবিয়ের আয়োজন।

স্যুটের ভাড়া নিয়ে আলোচনা

রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে বলে জানা গেছে। ‘আরাবল্লী স্যুট’ প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের; এখান থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।

উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস। ছবি: ইন্সটাগ্রাম
উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস। ছবি: ইন্সটাগ্রাম

অন্যদিকে ‘মেমেন্টোস স্যুট’ আরও প্রশস্ত প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি। রাজকীয় আয়োজনের সঙ্গে মানানসই এই উচ্চ ভাড়া ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর উদয়পুরের কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বেড়েছে বলে জানা গেছে।

প্রাক্-বিয়ের আয়োজন শুরু

বিয়ের আগেই শুরু হয়েছে নানা আয়োজন। ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছে জমকালো পুল পার্টি। ২৪ ফেব্রুয়ারি মেহেদি, ২৫ ফেব্রুয়ারি হলদি ও সংগীত অনুষ্ঠানের সূচি নির্ধারিত রয়েছে। ২৬ ফেব্রুয়ারি বসবে মূল বিয়ের আসর।

দক্ষিণি সিনেমার এই জনপ্রিয় জুটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল ছিল। অবশেষে উদয়পুরের পাহাড়ঘেরা রাজকীয় পরিবেশে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বিলাস, ঐতিহ্য ও ব্যক্তিগত পরিসরের মেলবন্ধনে এই তারকা বিয়ে চলতি বছরের অন্যতম আলোচিত বিনোদন আয়োজন হয়ে উঠতে যাচ্ছে।

/এসএ/