শিরোনাম

গুঞ্জন সত্যি হলো, বিজয়-রাশমিকার বিয়ের ঘোষণা

গুঞ্জন সত্যি হলো, বিজয়-রাশমিকার বিয়ের ঘোষণা
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জনকে সত্যে পরিণত করে বিয়ের খবর নিশ্চিত করলেন দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন-জল্পনা চলছিল। এত দিন প্রকাশ্যে নীরব থাকলেও রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তারা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।

এ ঘোষণার ফলে ভক্ত-অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, কৌতূহলকে দিলো আনুষ্ঠানিক স্বীকৃতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, ‘আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে বিরোশ।’

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মুহূর্তে ভক্তদের সেই নামকেই ধারণ করে তারা বিয়ের ঘোষণা দেন। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানান, ‘তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।’

বিজয়-রাশমিকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূল বিয়ের আনুষ্ঠানিকতা ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে। বিয়ের আচার-রীতি শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। দুই পরিবার তাদের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজন করেছে।

জানা গেছে, এবারের আয়োজনের বিশেষ দিক হলো চরম গোপনীয়তা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিথির তালিকাও সীমিত রাখা হয়েছে। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যারা ছবি বা ভিডিও তুলবেন, তাদেরও ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। অর্থাৎ ‘নো ফোন, নো লিক’ নীতিতেই এই বহুল আলোচিত আয়োজন হচ্ছে।

তবে ৪ মার্চ হায়দ্রাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রোমান্টিক এই ছবিতে তাদের স্বতঃস্ফূর্ত অভিনয় এবং পর্দার সহজাত রসায়ন দর্শকের মন জয় করে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জুটি নিয়ে আলোচনা শুরু হয়।

এরপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় আবারও জুটি বাঁধেন তারা। ভিন্ন ধরণের আবেগঘন এই ছবিতে তাদের সম্পর্কের গভীরতা এবং সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়ায়। দুই ছবির পর থেকেই পর্দার রসায়ন বাস্তবেও প্রতিফলিত হচ্ছে কিনা এমন প্রশ্ন ঘুরতে থাকে ভক্তমহলে।

একসঙ্গে বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি বা একই সময়ে ছুটি কাটানোর ছবি, সবমিলিয়ে জল্পনা ক্রমেই ঘনীভূত হয়। তবু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই সংযত ছিলেন তারা। সাক্ষাৎকারে প্রশ্ন এলে কৌশলে এড়িয়ে গেছেন, কখনো সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি।

সম্প্রতি বাগ্‌দানের গুঞ্জনও বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়েছিল। যদিও সে সময় দুজনই নীরব ছিলেন। অবশেষে নিজেদের মুখেই বিয়ের ঘোষণা আসায় বহুদিনের জল্পনার অবসান ঘটলো। পর্দায় শুরু হওয়া একটি সফল জুটির গল্প এবার বাস্তব জীবনে আনুষ্ঠানিক রূপ পেল।

যদিও তারকাদের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার এই নিয়ন্ত্রিত ও সংযত আয়োজন আলাদা নজর কাড়ছে। আলোঝলমলে প্রচারের পরিবর্তে তারা ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন।

ভক্তদের মতে, ২৬ ফেব্রুয়ারি শুধু একটি বিয়ের দিন নয়, দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটির বাস্তব জীবনের নতুন সূচনার দিনও বটে। এখন অপেক্ষা, কখন তাদের পক্ষ থেকে প্রকাশিত হবে বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/