শিরোনাম

পঁচিশ বছর পর আবারও ফিরছে ‘লগান’

বিনোদন ডেস্ক
পঁচিশ বছর পর আবারও ফিরছে ‘লগান’
লগান সিনেমার পোস্টার। ছবি: দ্য ওয়াল

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক ‘লগান’ মুক্তির পঁচিশ বছর পূর্তি উদযাপন করতে চলেছে। এ বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে আগামী ১২ থেকে ১৪ জুন দেশের প্রেক্ষাগৃহগুলোতে ফের মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত সাড়া জাগানো ছবিটি। সম্প্রতি সিনেমাটির একটি নতুন ট্রেলার প্রকাশ্যে এনেছে আমির খান প্রোডাকশনস, যা ইতোমধ্যেই অগণিত দর্শকের মনে পুরোনো আবেগের ঝড় তুলেছে।

নতুন ট্রেলারটি যেন দর্শকদের ২৫ বছর আগের সেই সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। গ্রামীণ ভারতের সরলতা, পরাধীন দেশের সামাজিক বাস্তবতা এবং অসম্ভবকে সম্ভব করার অদম্য লড়াইয়ের দৃশ্যগুলো ট্রেলারে অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। এর পাশাপাশি এ. আর. রহমানের কালজয়ী সুর ও সংগীত নতুন করে দর্শকদের মাঝে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বিজয়ের উল্লাস জাগিয়ে তুলেছে। ফলে আসন্ন ৩ দিনের এ বিশেষ প্রদর্শনী নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটির গল্প আবর্তিত হয়েছে ১৮৯৩ সালের ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে। খরা ও অতিরিক্ত করের বোঝায় জর্জরিত একদল গ্রামবাসীর ব্রিটিশ অহংকার চূর্ণ করে ক্রিকেট খেলায় জয়লাভের এক অকল্পনীয় সংগ্রামই ছিল এ সিনেমারর মূল উপজীব্য। আমির খানের পাশাপাশি গ্রেসি সিং, পল ব্ল্যাকথর্ন, রঘুবীর যাদবসহ একঝাঁক গুণী শিল্পীর অভিনয় এবং মিতওয়া, ঘনন ঘনন বা রাধা ক্যায়সে না জলে- এর মতো গানগুলো আজও ভারতীয় চলচ্চিত্র সংগীতের অন্যতম অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও লগান সমানভাবে প্রশংসা কুড়িয়েছিল। ২০২৫ সাল পর্যন্ত এটিই ভারতের শেষ ছবি হিসেবে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস রচনা করে। এর পাশাপাশি দেশের মাটিতেও সেরা জনপ্রিয় চলচ্চিত্রসহ মোট ৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল সিনেমাটি। নতুন করে ছবিটির মুক্তি তাই দর্শকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

/এমএকে/