শিরোনাম

চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ

চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
চীনের সুচো ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

চীনে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। সুচো ইউনিভার্সিটিতে চায়না স্কলারশিপ কাউন্সিলে (সিএসসি) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশিসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ অর্থায়িত সুবিধায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। চীনা সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপ উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ।

সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯০০ সালে। বিশ্ববিদ্যালয়টি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ তালিকাভুক্ত এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত। আধুনিক গবেষণা সুবিধা, আন্তর্জাতিক সহযোগিতা, উন্নত ল্যাব এবং সহায়ক একাডেমিক পরিবেশের মাধ্যমে সুচো ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুযোগ-সুবিধা

* টিউশন ফি মওকুফ

* ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা বা আবাসন ভাতা

* মাসিক জীবনযাপন ভাতা

* স্বাস্থ্যবিমা

আবেদনের যোগ্যতা

* আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং তিনি চীনা নাগরিক হতে পারবেন না। প্রার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো হতে হবে।

* মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম এবং ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

* পিএইচডি প্রোগ্রামের জন্য বয়স ৪০ বছরের কম এবং মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক।

* এ ছাড়া ভালো একাডেমিক ফলাফল, গবেষণায় আগ্রহ এবং প্রাসঙ্গিক যোগ্যতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় অনলাইন আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ, পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্টের কপি, সিভি, অপরাধমুক্ত সনদ, দুটি সুপারিশপত্র, অধ্যয়ন পরিকল্পনা (স্টাডি প্ল্যান) এবং ভাষা দক্ষতার সনদপত্র জমা দিতে হবে। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে এসব নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, কলা এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

/জেএইচ/