শিরোনাম

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর। চূড়ান্ত অনুমোদনের পর ফল সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনপ্রক্রিয়া। ভর্তি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০২৩ সালের মতো ধারাবাহিকতায় এবার ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত সময়েই ভর্তির আবেদন করতে হবে। তবে পুনঃনিরীক্ষণের পর যাদের ফলাফলে পরিবর্তন আসবে, তাদের জন্য পরবর্তীতে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই খসড়া সময়সূচিটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং দ্রুতই চূড়ান্ত অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে খাতা পুনঃনিরীক্ষণের জন্য চার লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে, যার মোট আবেদনের সংখ্যা প্রায় ১৩ লাখ। এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় বিষয়ের উত্তরপত্রের আবেদন ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক খাতার পুনঃনিরীক্ষণের আবেদন ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

/এবি/