শিরোনাম

সিডনিতে গ্লোবাল এক্সপোতে বাংলাদেশের ১১ পোশাক প্রতিষ্ঠান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সিডনিতে গ্লোবাল এক্সপোতে বাংলাদেশের ১১ পোশাক প্রতিষ্ঠান
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। আগামী ১৬ থেকে ১৮ জুন অনুষ্ঠিতব্য এ মেলায় বিশ্বের ২০টির বেশি দেশ ও অঞ্চল থেকে ৬০০-এর বেশি প্রদর্শক এ মেলায় অংশ নিচ্ছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি প্রতিষ্ঠানের ১৮ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।

গত ১১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজনকে অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হয়। এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক, সরবরাহকারী, ক্রেতা এবং সোর্সিং পেশাজীবীরা সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ পান।

প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র, গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবার প্রদর্শন করা হবে। একইসঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে মেলার দ্বিতীয় দিন (১৭ জুন) একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্ভাব্য ক্রেতা, বিপণনকারী, আমদানিকারক এবং পাইকারি-খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ব্যবসা-টু-ব্যবসা (বিটুবি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বৈশ্বিক তৈরি পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের রপ্তানি পণ্যের জন্য নতুন বাজার ও ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

/এমআর/