শিরোনাম

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাড়লো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
স্বর্ণ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

টানা দুই দফা কমার পর দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে সবশেষ গতকাল (৯ জুলাই) স্বর্ণের দাম কমানো হয়েছিল। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪ বার, আর কমেছে ৪৫ বার। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/