ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের সরকারের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আমলে ব্যাংকগুলো থেকে সব নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে। এই পরিস্থিতির মধ্যেই যা আছে, সেগুলো দিয়ে নতুন করে শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাক খাতকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে।

রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে শনিবার (১ অক্টোবর) বিকালে পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের বস্ত্র ও পোশাক খাতের সমস্যাগুলো তুলে ধরে রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন। এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে পরিচালনা করা গেলে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। এ বিষয়ে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, শিল্পখাতের বিভিন্ন সমস্যা অতিদ্রুত সমাধানের চেষ্টা করছে সরকার। আমাদের সুনির্দিষ্টভাবে এসব সমস্যা চিহিৃত করে নিরসনের পদক্ষেপ নিতে হবে। আশা করি, অতিদ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা ও জাতীয় অর্থনীতির বিকাশে বড় ধরনের অর্জনে যেতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা।

/এফআর/