শিরোনাম

চার বছর পর রিজার্ভ ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চার বছর পর রিজার্ভ ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সিজেডএন গ্রাফিক্স

প্রায় চার বছর পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে উঠে এসেছে। সাম্প্রতিক রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক ঋণ, বাজেট সহায়তা এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে আসায় রিজার্ভে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (২৯ জুন) দিনের শেষে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭.০৫৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.৪৮০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, বিশ্বব্যাংক গ্রুপের সদস্য আইডিএ-এর ঋণ ও অনুদানের ৬৬ কোটি ৭১ লাখ ডলার যোগ হয়েছে। এর আগে গত ১৪ জুন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণের ১ বিলিয়ন ডলার যোগ হওয়ার পর বিদেশি মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

এছাড়া প্রবাসীদের পাঠানো অর্থে (রেমিটেন্সে) ভর করে রিজার্ভ বাড়তে থাকে। অন্যদিকে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার কারণেও রিজার্ভ মজবুত হয়।

গত মে মাসে ৩.৪৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের মে মাসের চেয়ে ১৫.৩৪ শতাংশ বেশি। চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের অধিক রেমিট্যান্স এসেছে।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ছিল।

অন্তর্বর্তী সরকারের সময় থেকে ধীরে ধীরে রিজার্ভ বাড়তে থাকে। গত ২৬ জুন বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ৩৬.০৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়। কয়েক দিনের ব্যবধানে আরও প্রায় ১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলার অতিক্রম করলো।

/জেএইচ/