শিরোনাম

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ আটক ১
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের হজ কাফেলার মোয়াল্লেমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম স্বর্ণ , ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন মফিদুল ইসলাম। তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটককালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে এপিবিএন অফিসে আটক করে নিয়ে এসে শরীর তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা হাতব্যাগে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

এপিবিএন জানিয়েছে, অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছেন তিনি। মফিদুল দীর্ঘদিন বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এমনকি রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

/এসবি/