শিরোনাম

আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বের রুল নিষ্পত্তি করে এই জামিন আদেশ দেন।

এদিন আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর আগে তিনটি মামলায় হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করায় তা শুনানির অপেক্ষায় আছে। এছাড়া, বিচারিক আদালতে আরও দুটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে তার বিরুদ্ধে সাতটি মামলা হয়।

/এফআর/