শিরোনাম

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানায় করা এক মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী এম লিটন আহমেদ।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্টে ব্যারিস্টার সুমন লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

ওই সময় পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর এ মামলায় পাঁচদিনের রিমান্ড ভোগ করেন ব্যারিস্টার সুমন। পরবর্তীতে হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করা করা হয়।

হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করেছিল। আপিল বিভাগ আজ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

/এফআর/