শিরোনাম

বাপের জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
বাপের জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল
নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন৷

মহাসচিব বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না। কাজ করে বাঁচতে চায়। সেজন্য প্রশিক্ষণ নিতে হবে। আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এমএ, বিএ পাশ করতে চায়। তবে পাশ করে চাকরি মেলে না। এখন প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদেরকে ওইদিকে মনোযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর এসব কথা আমরা বলতে পারিনি। আমাদেরকে শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে৷ এখন আমরা কাজ করতে চাই। সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করা হবে। নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও তাকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমরা কাজ করতে পারিনি। সরকার চলে যাওয়ায় পর আমরা শহরের রাস্তার কাজগুলো নিয়ে এসেছি। আপনারা অতীতে ভোট দিয়েছেন এবারও দেবেন।

পথসভায় স্থানীয় নারীরা টাকার মালা পরিয়ে দিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনের সময়ও এলাকার মা-বোনেরা মুরগির ডিম, মুরগি বিক্রি করে আমাকে টাকা দিয়েছিলেন নির্বাচনের জন্য কারণ আমার টাকা নেই। ২০০৬ সালে একটি গাড়ি ক্রয় করছি, সেটি এখন পর্যন্ত পরিবর্তন করতে পারিনি। অন্যের দেওয়া গাড়িতে করে নির্বাচন করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

/এসআর/