শিরোনাম

সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে সলেমানের সোলার সেচ পাম্প: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে সলেমানের সোলার সেচ পাম্প: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে ‘সলেমান সোলার সেচ পাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে সলেমান আলীর তৈরি সোলার সেচ পাম্প সারাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার, চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সলেমান সোলার সেচ পাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সলেমান আমাদের দেশের গর্ব। তাই সরকারের পক্ষ থেকে সলেমানের উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।

উদ্ভাবক মো. সলেমান আলী জানান, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

/এসআর/