শিরোনাম

হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নির্দেশনা জারি

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সংবাদদাতা
হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নির্দেশনা জারি
হাওরে বাড়ছে পানি

টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদী ও বিভিন্ন হাওরে পানি বাড়ছে। এতে হাওরের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা জরি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে এই নির্দেশনা জারি করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতি বৃষ্টির ফলে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে।

এ অবস্থায় পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সব হাউসবোটের মালিক, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭টি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

জেলা প্রশাসনের নির্দেশনাগুলো হচ্ছে, আবহাওয়া, ভারী বৃষ্টি, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না। প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাওরে যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে হবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। পরিস্থিতির অবনতি ঘটলে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিলে সেটি বাস্তবায়ন করতে হবে।

/এসআর/