শিরোনাম

জালে ধরা পড়লো ১২ কেজির ভেটকি মাছ

সাতক্ষীরা সংবাদদাতা
জালে ধরা পড়লো ১২ কেজির ভেটকি মাছ
জালে বড় মাছ ধরা পড়ায় খুশি জেলে রবিউল ইসলাম গাজী। ছবি: সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী থেকে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। রবিবার (৩১মে) দিবাগত রাতে ফাঁস জাল দিয়ে মাছটি ধরেছেন উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী।

তিনি জানান, এ বছর খোলপেটুয়া নদী থেকে বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। এবারই তার জালে সর্বোচ্চ ১২ কেজি ওজনের ভেটকি মাছ ধরা পড়েছে। মাছটি পাওয়ায় তার পরিবারের সদস্যরা আনন্দিত। এছাড়া, একই সময় ২ কেজি ওজনের আরেকটি মাছ পেয়েছেন তিনি।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, এর আগে তাদের আড়তে এত বড় ভেটকি মাছ আসেনি। মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়। পরে ঢাকার একজন চাকরিজীবী পুরো মাছটি কিনে নেন। মাছটি দেখতে আড়তে মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় মৎস্যজীবীরা আশা করছেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

/এসআর/