শিরোনাম

সুপেয় পানি পেতে উপকূলবাসীর মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা
সুপেয় পানি পেতে উপকূলবাসীর মানববন্ধন
মানববন্ধন। ছবি: সংগৃহীত

বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, সিডো, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় স্থানীয় শতাধিক নারী ও যুবরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। মানববন্ধনে তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, পানি বাণিজ্যিকরণ বন্ধ করো, আর কতকাল লবণ পানি খেতে হবে?’ এমন প্রতিবাদ সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা দাঁড়ান।

মানববন্দনে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বারবার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।

শরুবের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হেসেন বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।

স্থানীয় বাসিন্দা অর্পিতা মন্ডল বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া ,আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।

/এসআর/