শিরোনাম

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: ভিডিও থেকে নেওয়া

সাতক্ষীরায় ১৫ আগস্টকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।

জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়ক ধরে কিছুদূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জানতে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানকে হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি বলেন, ‘ভাই একটু পরে কল দেন, আমি ব্যস্ত আছি।’

তবে ঘটনার পর থেকে জেলা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ওসি।

/এফআর/