শিরোনাম

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা

রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে নাটোরের মালিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের পাঁচ-সাতটি বাস আটকে রাখে। এর প্রতিবাদে রাজশাহীর পরিবহন মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাসকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের অনুমতি নিয়ে রাব্বি পরিবহনের বাসটি রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ভদ্রা এলাকার একটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে বাসটি নাটোরে পৌঁছালে সেখানে তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি আটকে দেয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, রাব্বি পরিবহনের বাস থেকে যাত্রীদের মালামাল নামিয়ে তুহিন পরিবহনে তুলে দেওয়া হয়। পরে যাত্রীদের দর্শনার উদ্দেশে পাঠানো হলেও রাব্বি পরিবহনের বাসটি নাটোরে আটকে রাখা হয়।

এ ঘটনার জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

বাস চলাচল বন্ধ থাকায় শনিবার সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন বাস কাউন্টারে এসে বিপাকে পড়ে ঢাকাগামী যাত্রীরা। অনেকে টিকিট কেটে বাসের অপেক্ষায় ছিল।

ঢাকাগামী যাত্রী মনিরুল মিজান বলেন, ‘হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে সমস্যায় পড়েছি। দ্রুত দুই পক্ষের বসে বিষয়টির সমাধান করা উচিত।’

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, ‘নাটোর ও রাজশাহীর বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ফলে রাজশাহী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

/এসআর/