শিরোনাম

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে সদ্য ঘোষিত মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষণা ছাড়াই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকদের একাংশ।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রবিবার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি নির্বাচিত হন রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হন মোমিনুল ইসলাম মোমিন। তবে শ্রমিকদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সকাল থেকেই আন্দোলনে নামে। এ সময় তারা রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।

আন্দোলনকারীরা এটাকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করার দাবি জানান এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে বলেন।

এদিকে সকাল থেকেই রাজশাহী জেলা শহরের বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করেও বাস না পেয়ে তারা ভোগান্তির শিকার হন।

/জেএইচ/