শিরোনাম

রাজশাহী গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২৫ গাছ নামমাত্র মূল্যে বিক্রি

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২৫ গাছ নামমাত্র মূল্যে বিক্রি
ছবি: সংগৃহীত

রাজশাহীর মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রায় ৩৩ বছরের পুরোনো ২৫টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে নিলামে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায় গাছ বিক্রি করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজে ১৯৯২ সালে গাছগুলো লাগানো হয়েছে।

কলেজ ও দরপত্রের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে কলেজ পরিচালনা কমিটি সভা করে বন বিভাগের কাছে গাছ পরিপক্ব হওয়া সাপেক্ষে মূল্য নির্ধারণের চিঠি দেয়। বন বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৫টি গাছের মূল্য মাত্র ৭০ হাজার ৬৯৩ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দেয়। নিলামে বিপ্লব রহমান নামে স্থানীয় এক ব্যক্তি সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে গাছগুলো কিনে নেন।

সম্প্রতি কলেজে গিয়ে দেখা গেছে, যেসব গাছ কাটা হবে, সেগুলো নাম্বারিং করা হয়েছে। কলেজের মাঠের চারপাশের গাছগুলো এর আওতায় পড়েছে।

কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বলছেন, গাছগুলো কলেজের পরিবেশ ঠান্ডা রাখে। বিভিন্ন ঋতুতে ফুল ফোটায় কলেজে অন্য রকম পরিবেশ তৈরি হয়। সেই হিসেবে নামমাত্র মূল্যে গাছগুলো বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, কলেজের সামনের পলাশ গাছে কী সুন্দর ফুল ফোটে। তখন অন্য রকম লাগে। গাছগুলো কাটলে কলেজের পরিবেশের ক্ষতি হবে। তা ছাড়া গাছগুলো ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে না।

সামাজিক বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, অনেক প্রতিষ্ঠান গাছ কাটার জন্য আসেন। তাঁরা সরেজমিনে সরকারি দর অনুযায়ী মূল্য নির্ধারণ করে দিয়ে থাকেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেঁধে দেওয়া দামে বিক্রি করবে এমন নয়।

কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, মাঠের পাশে একটি ভবন হবে। বারান্দাসহ ভবনটি হলে মাঠ ছোট হয়ে যাবে। এ জন্য এক সারি বড় গাছ কাটতে হবে। গাছগুলো কাটার পর আরও গাছ লাগানো হবে। প্রতি বছর তারা গাছ লাগান।

/এসআর/