শিরোনাম

ছয় বিদ্যালয়ে বই ও বুক শেলফ উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
ছয় বিদ্যালয়ে বই ও বুক শেলফ উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য
শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নিজের অর্থায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বই ও বুক শেলফ উপহার দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ উপহার তুলে দেন। সেইসঙ্গে ৬টি স্কুলের মধ্যে যারা ভালো ফলাফল করেছে, এমন একজন ছাত্র এবং একজন ছাত্রীকে উপাচার্য নিজ হাতে উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।

‎‎বিদ্যালয়গুলো হলো- মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়েরসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানা কসিম উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং জহিরপুর দাখিল মাদ্রাসা। উপহার দেওয়া বইগুলো মধ্যে রয়েছে ইংরেজি গ্রামার ও স্পোকেন শেখার বই, ছোটগল্প, শিশু সাহিত্য এবং ধর্মীয় বই।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, আমি মনে করি, একটি প্রজন্মের সঙ্গে আরেকটি প্রজন্মের সেতুবন্ধন তৈরি করা খুবই জরুরি। একটি শিশুর ভাষা, চিন্তাভাবনা, সামাজিক শিষ্টাচার, নৈতিক মূল্যবোধ ও শেখার আগ্রহ এসবের ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। বাস্তবতা হলো আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত বই নেই, লাইব্রেরি নেই। প্রাথমিক বিদ্যালয়ই আমাদের শিক্ষাব্যবস্থার ভিত্তি, আর আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। সেই ভিত্তি যত শক্ত হবে, আমাদের ভবিষ্যৎও তত বেশি শক্তিশালী, সুন্দর ও সমৃদ্ধ হবে।

/এসআর/