শিরোনাম

পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে উপজেলার ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায় তারা। পরে আহত নাছের দৌড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।

সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ নাছেরের বলে নিশ্চিত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরও খতিয়ে দেখতে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

/এফআর/