শিরোনাম

ময়লার স্তূপে নবজাতক, কোলে তুলে নিলেন ইউএনও

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা
ময়লার স্তূপে নবজাতক, কোলে তুলে নিলেন ইউএনও
ইউএও’র কোলে উদ্ধারকৃত শিশু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসপাতালের এক আয়া শিশুর কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্সরা গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

/এসআর/