শিরোনাম

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক

মৌলবীবাজার সংবাদদাতা
মৌলবীবাজার সংবাদদাতা
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক
বাংলাদেশ-ভারত সীমান্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি ৫ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।

আক্তার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম বলেন, ৫ ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

/এসআর/