শিরোনাম

অসুস্থ বাবার ঋণ শোধ করতে ছেলের মাইকিং

কুড়িগ্রাম সংবাদদাতা
অসুস্থ বাবার ঋণ শোধ করতে ছেলের মাইকিং

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শয্যাশায়ী বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মারুফ হোসেন এক যুবক। অসুস্থ বাবার কাছে কেউ টাকা পাওনা থাকলে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে পুরো এলাকায় মাইকিং করেছেন তিনি। বাবার প্রতি তার এমন দায়িত্ববোধের চিন্তা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

জানা গেছে, মারুফ হোসেনের বাবার নাম আবুর হোসেন (৯০)। তাদের বাড়ি উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে।

মারুফ হোসেন জানান, তারা বাবা আবুর হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। প্রায় সাত মাস ধরে অসুস্থ হয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। বয়স ও অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আবুর হোসেনের ব্যবসা বন্ধ রয়েছে। ব্যবসায়ী বাবার কিছু দেনা-পাওনা রয়েছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাবা বেঁচে থাকতেই উনার সমস্ত ঋণ পরিশোধ করবেন।

বাবার বিষয়ে তিনি বলেন, ‘আমার বাবা সারা জীবন সততার সঙ্গে ব্যবসা করেছেন। আমি চাই না, তিনি কারও হক রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় মানুষ সংকোচের কারণে পাওনার কথা বলতে পারেন না। তাই কেউ যেন বঞ্চিত না হন, সে জন্যই তিনি নিজে থেকে মাইকিং করে সবার কাছে আহ্বান জানিয়েছেন।’

এসব চিন্তা থেকেই পাওনাদারদের খুঁজতে উলিপুর উপজেলা শহর, বাজার ও বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করেন মারুফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকাল থেকে সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করে মারুফ। এসময় তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘আমার বাবা আবুর হোসেনের কাছে কারও কোনো পাওনা টাকা থাকলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা বাবার সমস্ত পাওনা আমি পরিশোধ করতে চাই।’

এদিকে, মারুফের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়।

উলিপুরের স্থানীয় কয়েকজন বলেন, বর্তমান সময়ে বাবার সম্পত্তি নিয়ে বিরোধ ও পিতা-মাতাকে অবহেলার খবর বেশি শোনা যায়। সেখানে বাবার সম্মান রক্ষায় একজন ছেলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

/এফআর/