শিরোনাম

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

যশোর সংবাদদাতা
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। গ্রাফিক্স সিটিজেন জার্নাল

যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ হারালো দুই বন্ধু। রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন– মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের রাকিব হোসেন ও একই গ্রামের মেহেদী হাসান।

নিহত রাকিব হোসেনের মামা ফারুক হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় রাকিব নিজের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে উপজেলার রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান। রাতে সেখান থেকে তারা মোটরসাইকেলে রাজগঞ্জ-পুলেরহাট সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে খেদাপাড়া মানিকতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রাকিব ও মেহেদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, দুজনের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/