শিরোনাম

যুবকের প্যান্টের পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
যুবকের প্যান্টের পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ
আটক যুবক

যশোরে এক যুবকের প্যান্টের পকেট থেকে এক কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন মৃধা নড়াইলের কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিপনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয় বলে জানায় বিজিবি।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসআর/