শিরোনাম

ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা
ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন।

স্থানীয়রা জানান, ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আব্দুল কাইয়ুম রাতে ধুলিয়াখালে চিকিৎসক দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে গুরুতর আহত হন বাবা-ছেলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এসআর/