শিরোনাম

টঙ্গীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
টঙ্গীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: বিএনপি নেতা বহিষ্কার
কামাল হোসেন বুলু

মোটরসাইকেল বহর নিয়ে চাঁদা দাবি ও ঝুট ব্যবসা দখলের অপচেষ্টার মামলা হওয়ার পর গাজীপুর মহানগরীর এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণে কামাল হোসেন বুলুকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

পুলিশ জানায়, ২৮ জুন টঙ্গী পূর্ব থানার পাগাড় বিসিক ফকির মার্কেট এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে সেখানে শতাধিক লোক যায়। তাদের মধ্যে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিলো। বহরটি ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার সামনে অবস্থান নেয়। পরে কয়েকজন কারখানায় গিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সমঝোতা ছাড়া ঝুট বাইরে না নেওয়ার কথা বলেন। এ সময় ব্যবসায়ী নুরুজ্জামান জামাল ও তার সহযোগীদের কাছে চাঁদা দাবি এবং হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনায় নুরুজ্জামান জামাল টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৭ জুন নাজমুল হোসেন মণ্ডল, কামাল হোসেন বুলু এবং ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. খালেক তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি রাজি না হওয়ায় পরদিন শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় মহড়া দেওয়া হয়। এ সময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি দেখানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে একটি বড় মোটরসাইকেল বহরকে কারখানার সামনে অবস্থান নিতে দেখা যায়। একটি মোটরসাইকেলের পেছনে বসা এক কিশোরের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়।

এ বিষয়ে বিএনপি নেতা কামাল হোসেন বুলুর বক্তব্য জানতে একাধিকবার তার ফোনে কল করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

/এসআর/