আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন
ভবন থেকে অনবরত ধোঁয়া নির্গত হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ঔষধ কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ভবন থেকে অনবরত ধোঁয়া নির্গত হতে দেখা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) সরেজমিন পরিদর্শনে বিকাল ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমন দৃশ্য দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন ডাম্পিংয়ের কাজ চলছে।

এর আগে বুধবার সকাল ১০টা ১৪ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় মোট ২১টি ইউনিট যোগ দেয়। ঢাকা থেকে জরুরি ভিত্তিতে আনা হয় হ্যাজম্যাট টেন্ডার।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি, উত্তরা ফায়ার স্টেশন থেকে ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে ৪টি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে ২টি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট পাঠানো হয়। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।

যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। বুধবার দুপুরের দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও বিজিবি সদর দফতর।

আগুন পুরোপুরি নিভাতে সময় লাগবে

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাঈদ।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ফায়ার ফাইটার শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়েছেন। এছাড়া আমরা আশা করছি, জ্বলতে থাকা কারখানার মধ্যে কেউ আটকা পড়েননি।’

তিনি আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগতে পারে। তবে আগুন এর চেয়ে বেশি বাড়বে না।’

এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। তিনি ড্রাগ ইন্টারন্যাশনালের একজন প্রকৌশলী আহতের খবর জানিয়েছেন।

/জেএইচ/