‘ভালো থাকুন সিলেটবাসী’ ফেসবুকে ডিসি সারওয়ার

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
‘ভালো থাকুন সিলেটবাসী’ ফেসবুকে ডিসি সারওয়ার
মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছেন। তার প্রত্যাহারের আদেশ কার্যকর হওয়ার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। তার জায়গায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সিলেট ছাড়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারওয়ার আলম। সেখানে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

এর আগে গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।

জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে সারওয়ারকে প্রত্যাহারের কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

/এসআর/