শিরোনাম

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই
খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের বিফ্র করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি: সিটিজেন জার্নাল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জ্বালানি তেলের সমস্যা শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই সমস্যা দেখা দিয়েছে। দেশে প্রচুর পরিমাণ তেল মজুত আছে, আমরা মনে করি, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেন, আমাদের সরকার জনবান্ধব সরকার, এখন পর্যন্ত কোনো তেলের দাম বৃদ্ধি করা হয়নি। এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না।

উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পাম্পে খোঁজ রাখার জন্য। জনগণের ভোগান্তি যেন কেউ না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কৃত্রিম সংকট তৈরির কেউ অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ভর্তুকি দিয়ে আমরা এটা চালিয়ে যাবো, যেন জনগণের কোনো সমস্যা না হয়।

তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিল্পব ঘটবে। এই খনন কর্মসূচিতে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে সে যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রশিবপুরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

/এসআর/