শিরোনাম

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা
অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু। ছবি: সিটিজেন গ্রাফিক্স

চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ায় ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন বাবু। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু এই বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ফুটব্রিজের নিচে তিনি প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসেন। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অক্ষমতা প্রকাশ করলে তারা হামলা চালায় এবং ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও জব্দ করা হয়।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

অভিযোগের বিষয়ে আরমান হোসেন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি মুঠোফোন বন্ধ করে দেন।

এ বিষয়ে ঢাকা জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, সে আমাদের আগের কমিটির ছিল। সেই জন্য আমরা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে আমরা কেন্দ্রে এই খবর পৌছে দিয়েছি। আমাদের কোনো সদস্য এ ধরনের কাজের জন্য সঙ্গে জড়িত নয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/জেএইচ/