শিরোনাম

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা, ঢাবি অধ্যাপকসহ পুলিশি হেফাজতে ৫

ঢাবি প্রতিনিধি
ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা, ঢাবি অধ্যাপকসহ পুলিশি হেফাজতে ৫
ধানমন্ডি-৩২ থেকে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। অন্য চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে ওই এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, তাদের আটক করা হয়নি। এক পক্ষ ফুল দিতে আসছিল, অন্য একটি পক্ষ বাধা দিচ্ছিল। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আ ক ম জামাল উদ্দিন লেখেন, ধানমন্ডি ৩২–এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকাল চারটায়। আপনাদের দলে দলে যোগদানের অনুরোধ করছি।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামাল উদ্দিনকে ধাওয়া দেওয়া হলে তিনি ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়ে যান।

/এসএ/