শিরোনাম

সরকার ভায়োলেন্স চাইলে আমরা জবাব দিবো: আসিফ মাহমুদ

সিটিজেন ডেস্ক
সরকার ভায়োলেন্স চাইলে আমরা জবাব দিবো: আসিফ মাহমুদ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকার সংঘাতমুখী রাজনীতি বেছে নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সহিংসতার পথেই এগোতে চায়, তাহলে তার জবাব দিতেও তারা প্রস্তুত।

শুক্রবার (২২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।

অনুষ্ঠানে তিনি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। হামলায় জড়িতদের শুক্রবার রাতের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ভিডিও ফুটেজ ও ছবিতে অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। সেখানে ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা বেড়েছে। তিনি বলেন, আজ মা-বোনেরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের সঙ্গে লড়াইটা কোনো একক রাজনৈতিক দলের সঙ্গে হবে না; এটা হবে পুরো একটি প্রজন্মের সঙ্গে। শেখ হাসিনা এই ভুল করেছিলেন, আশা করি তারেক রহমান সেই ভুল করবেন না।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী জড়িত ছিলেন। এ ধরনের হামলার বিচার না হওয়ায় রাজনৈতিক সহিংসতা আরও উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাও তুলে আনেন সারজিস আলম। তিনি বলেন, শুধু সহমর্মিতা জানিয়ে দায় শেষ করলে জনগণ তা মেনে নেবে না; অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপি ও তারেক রহমানের উদ্দেশে সারজিস বলেন,

ছাত্রলীগ-যুবলীগের মতো দমন-পীড়নের রাজনীতি করলে তার চেয়েও খারাপ পরিণতি হবে। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠনকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করে বিরোধীদের দমন করার সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা। আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

/এমআর/