থানার দরজা ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে বেরিয়ে গেল ২২ কিশোর

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
থানার দরজা ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে বেরিয়ে গেল ২২ কিশোর
থানার দরজা ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে বেরিয়ে গেল ২২ কিশোর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন হট্টগোল করে দাউদকান্দি মডেল থানা থেকে বের হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ওই ২২ কিশোর।

এদিকে, থানার সামনে ওইসব কিশোর ও তাদের অভিভাবকদের একটি হট্টগোলের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানার ভেতরের একটি কক্ষে প্লাস্টিকের চেয়ার উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া কক্ষের দরজা ভাঙা অবস্থায় ছিল।

তবে পুলিশ বলছে, থানার কোনো কক্ষের দরজা বা আসবাব ভাঙচুরের ঘটনা ঘটেনি।

অভিভাবকরা জানান, আটক কিশোরদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধ সংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। তবুও তাদের আটক করায় ক্ষুব্ধ হয়ে কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে আটক রাখা কিশোরদের কয়েকজন একপর্যায়ে ওই কক্ষের চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বের হয়ে যায়। পরে আটক কিশোরদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।

পরে ঘটনাস্থলে এসে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়। তাদের স্বজনরা একসঙ্গে আসায় একটু ভিড় হয়। তবে থানার কোনো কক্ষের দরজা বা আসবাব ভাঙচুরের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে বাকি ছয়জনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/